ফাহিম চৌধুরী, সাভার ( ঢাকা )প্রতিনিধি:
“খেলাধুলাই শক্তি, খেলাধুলাই বল—মাদক ছেড়ে মাঠে চল”—এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো জালাই-পাইকাইল স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্ট-২০২৬। গত ৭ নভেম্বর ২০২৬ তারিখে আয়োজিত এই টুর্নামেন্টকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমী, তরুণ ও হাজারো দর্শকের উপস্থিতিতে পুরো এলাকা এক উৎসবের জনপদে পরিণত হয়।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নাগরপুর উপজেলা শাখার সভাপতি এবং নাগরপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ডি.পি. জনাব মোঃ আরিফুর রহমান (নবা)।
টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা জেলা উত্তরের সহ-সভাপতি এবং দপ্তিয়র ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক জনাব মোঃ আব্দুল্লাহ আল-সজীব।
নাগরপুর স্পোর্টিং ক্লাব ও জালাই-পাইকাইল স্পোর্টিং ক্লাবের সভাপতি মোঃ সামরুল হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়।
উদ্বোধনী বক্তব্যে প্রধান আলোচক ও উদ্বোধক মোঃ আব্দুল্লাহ আল-সজীব বলেন,
“তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। ফুটবল কেবল বিনোদনের মাধ্যম নয়; এটি শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে।”
তিনি আরও যোগ করেন, নিয়মিত এ ধরনের ক্রীড়া আয়োজন স্থানীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় তৈরি করবে এবং তরুণ প্রজন্মকে দেশ ও সমাজের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সহায়তা করবে।
প্রধান অতিথি মোঃ আরিফুর রহমান (নবা) তাঁর বক্তব্যে স্থানীয় পর্যায়ে ক্রীড়ার উন্নয়ন, তরুণদের ঐক্য এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় এ ধরনের টুর্নামেন্টের দূরদর্শী ভূমিকার কথা তুলে ধরেন। তিনি আয়োজকদের সাধুবাদ জানান এবং এর ধারাবাহিকতা বজায় রাখার ওপর জোর দেন।