মোঃ রনি আহমেদ রাজু, মাগুরা প্রতিনিধি:
মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের আমুড়িয়া বোর্ড অফিস থেকে পূর্বপাড়া মাঠ পর্যন্ত সড়কে মাগুরা প্রজেক্টের আওতায় সাবগ্রেডের কাজ চলমান রয়েছে। সড়কটির উন্নয়ন কাজ শেষ হলে স্থানীয় মানুষের চলাচল আরও সহজ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
মঙ্গলবার ১১ আগস্ট দুপুর সাড়ে ২টার দিকে চলমান কাজের বিষয়ে ঠিকাদার সোহেল রেজা জানান, সেলভেজের কাজের জন্য প্রাথমিকভাবে ২১ লাখ টাকা ধরা হয়েছে। তবে কাজ সম্পন্ন করতে আরও প্রায় ৭ লাখ টাকা অতিরিক্ত ব্যয় হতে পারে। সে হিসাবে সেলভেজের কাজে মোট ব্যয় প্রায় ২৮ লাখ টাকা হতে পারে বলে জানান তিনি।

ঠিকাদার সোহেল রেজা আরও বলেন, রাস্তার পাশে পর্যাপ্ত জায়গা না থাকায় ইটগুলো সরাসরি সড়কের পাশে রাখা সম্ভব হচ্ছে না। এ কারণে কিছুটা দূরে ইট স্টক করে রাখা হচ্ছে। পরে সেসব ইট ভেঙে বালির সঙ্গে মিশিয়ে সেলভেজের কাজে ব্যবহার করা হচ্ছে। নিয়ম অনুযায়ী সেলভেজের কাজ করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। সড়কের কাজে কামারখালী ও ঘোষিয়াল এলাকার বিট বালি ব্যবহার করা হচ্ছে। তবে চলমান কাজের মধ্যে বৃষ্টির পানি জমে যাওয়া এবং পাটের বোঝাই ঘোড়ার গাড়ি চলাচলের কারণে মাঝে মাঝে নির্মাণকাজ ব্যাহত হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।
জানা গেছে, মাগুরা প্রজেক্টের আওতায় তিনটি রাস্তার জন্য মোট ১ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ রয়েছে। এরই অংশ হিসেবে বর্তমানে আমুড়িয়া বোর্ড অফিস থেকে পূর্বপাড়া মাঠের রাস্তার সাবগ্রেডের কাজ চলছে। সাবগ্রেডের কাজ শেষ হওয়ার পর সড়কটিতে ডব্লিউবিএম (WBM) এবং পরবর্তী ধাপে কার্পেটিংয়ের কাজ করা হবে।

স্থানীয়রা জানান, রাস্তাটি দীর্ঘদিন ধরে চলাচলের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। উন্নয়ন কাজ সম্পন্ন হলে বর্ষা মৌসুমে চলাচলের দুর্ভোগ কমার পাশাপাশি কৃষিপণ্য পরিবহনেও সুবিধা হবে বলে তারা আশা করছেন।
সংশ্লিষ্টদের মতে, নির্ধারিত ধাপ অনুযায়ী সাবগ্রেড, ডব্লিউবিএম ও কার্পেটিংয়ের কাজ সম্পন্ন হলে সড়কটির যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং স্থানীয় জনগণের যাতায়াতের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে।
মাগুরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী আনম ওয়াহিদুজ্জামান, সদর উপজেলা এলজিইডি প্রকৌশলী শাফীন সোহেব সরজমিনে গিয়ে কাজ পরিদর্শন করেন।