মোঃ রনি আহমেদ রাজু, মাগুরা প্রতিনিধি:
মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ফার্মেসি, মুদিদোকানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয়কারী বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়। এ সময় বিনোদপুর বাজারের মেসার্স লিবার্টি মেডিকেল হল নামের একটি ফার্মেসিতে বিভিন্ন অনিয়ম ধরা পড়ে।
অভিযানে দেখা যায়, তাপ সংবেদনশীল ওষুধ যেমন বিভিন্ন ধরনের ভ্যাকসিন, ইনসুলিন ইত্যাদি—২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফ্রিজে সংরক্ষণের বাধ্যবাধকতা থাকলেও প্রতিষ্ঠানটি তা যথাযথভাবে অনুসরণ করছে না। এছাড়া অননুমোদিত বিদেশি ওষুধ বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক রাজন চক্রবর্তীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় সতর্কতামূলকভাবে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, মেসার্স খাজুরা স্টোর নামের প্রতিষ্ঠানটিকে পূর্বে সতর্ক করা হলেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের অননুমোদিত পণ্য বিক্রয়ের অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক সনত কুমার সাহাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে নিম্নমানের ও অননুমোদিত পণ্যগুলো জনসম্মুখে নষ্ট করা হয়।

অভিযান চলাকালে অন্যান্য প্রতিষ্ঠানও তদারকি করা হয় এবং ব্যবসায়ীদের ভবিষ্যতে এ ধরনের আইনবিরোধী কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
অভিযানে ভোক্তা অধিকারবিরোধী বিভিন্ন অপরাধে মোট ২টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন মো. আলমগীর হোসেন, কৃষি বিপণন অফিস, মাগুরা এবং মাগুরা জেলা পুলিশের একটি দল।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।