গোবিন্দগঞ্জ থেকে ভারতে পাচারকালে ২টি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৩

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে ভারতে পাচারের প্রস্তুতিকালে দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)। এ সময় তিনজনকে আটক করা হয়েছে। পালিয়ে গেছে আরও ৮ থেকে ১০ জন।

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সাপমারা ইউনিয়নের জিড়াই গ্রামের কোগারিয়া-জিড়াই পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- এনামুল হক (৫০), আলিপ হোসেন (২২) ও সরজিনা আক্তার (৩০)।

গোবিন্দগঞ্জ থেকে ভারতে পাচারকালে ২টি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৩

বিজিবি সূত্রে জানা যায়, অভিযানের সময় পাচারকারীদের ফেলে যাওয়া দুটি মূর্তি উদ্ধার করা হয়। এর মধ্যে একটি বিষ্ণু মূর্তি, যার ওজন ১৬.৮৭ কেজি এবং আনুমানিক মূল্য ১৬ লাখ ৮৭ হাজার টাকা। অপরটি কষ্টিপাথর সদৃশ বস্তু, যার ওজন ১১৯ কেজি এবং আনুমানিক মূল্য ১ কোটি ১৯ লাখ টাকা।

বিজিবির দাবি, মূর্তি দুটি ভারতে পাচারের উদ্দেশ্যে ঘটনাস্থলে নেওয়া হয়েছিল।

এ ঘটনায় ২০ বিজিবির জেসিও-১০৯২৭ সেকেন্দার আলী বাদী হয়ে আটক তিনজনসহ পলাতক ৮-১০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে গোবিন্দগঞ্জ থানায় এজাহার দায়ের করেছেন।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক এজাহার পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *