মোঃ রনি আহমেদ রাজু মাগুরা প্রতিনিধি:
সারা দেশে আওয়ামী লীগের নৈরাজ্য ও বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল ও মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদলের নেতাকর্মীরা।
দুপুরে মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি মাগুরা-ঝিনাইদহ মহাসড়ক হয়ে পুলিশ লাইন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।
এ সময় মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। মিছিলে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সবুজসহ উপজেলা ছাত্রদল ,পৌর ছাত্রদল,হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছাত্রদল ওপলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালাচ্ছে। এমনকি হামলায় প্রাণহানির ঘটনাও ঘটছে বলে দাবি করেন তারা।
বক্তারা এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে দেশজুড়ে আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদ জানান তারা।