মোঃ রনি আহমেদ রাজু, মাগুরা প্রতিনিধি:
মাগুরায় রয়েল ফ্যাশন শোরুমের উদ্বোধন করেছেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় এনামুল হক বিজয়। রবিবার (০২ আগস্ট) বিকেলে শহরের জেলা সমবায় মার্কেটের দ্বিতীয় তলায় আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে শোরুমটির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, রয়েল ফ্যাশনের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল্লাহ আল মামুন, প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী স্বাধীন শিকদারসহ জেলার অসংখ্য ক্ষুদে ক্রিকেটার এবং শহরের ক্রীড়াপ্রেমী মানুষ।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনামুল হক বিজয় বলেন, মাগুরার নাম বিশ্বের অনেক দেশের মানুষের কাছেই পরিচিত। কেন পরিচিত, তা আপনাদের সবারই জানা।
তিনি আরও বলেন, মাগুরার মানুষ খুবই অতিথিপরায়ণ। যারা রয়েল ফ্যাশন শোরুমে কেনাকাটা করতে আসবেন, তারা দেখে-শুনে পোশাক কিনবেন। আশা করি, এখানে ভালো মানের পোশাকই পাবেন।
সবশেষে এনামুল হক বিজয় ক্ষুদে ক্রিকেটারদের ব্যাট, বল ও জার্সিতে অটোগ্রাফ দেন এবং তাদের খেলাধুলায় আরও উৎসাহিত করেন।