মাদকমুক্ত ও আধুনিক জিন্দারপুর গড়ার প্রত্যয়ে বিএনপি নেতা সাজ্জাদুল বারী দুলালের শোডাউন

মোঃ রেজুওয়ান আহমেদ কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনয়নপ্রত্যাশী সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ সাজ্জাদুল বারী দুলালের সমর্থনে এক বিশাল নির্বাচনী মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। তিনি কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।
রোববার (১৫ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে মোলামগাড়ী বাজার থেকে এই বিশাল শোভাযাত্রাটি বের করা হয়।

শোভাযাত্রাটিতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা ৫ শতাধিক মোটরসাইকেল নিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি মোলামগাড়ী বাজার থেকে শুরু হয়ে জিন্দারপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক ও বাজারসমূহ প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জিন্দারপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ রতন চৌধুরী, মোসাদ্দেক হোসেনসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

পথসভায় আবেগঘন কণ্ঠে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ সাজ্জাদুল বারী দুলাল বলেন, “আমি দীর্ঘদিন ধরে এই ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছি। সাধারণ মানুষের সুখ-দুঃখের সাথী হওয়ার চেষ্টা করেছি। আজ আপনাদের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে জিন্দারপুরের জনগণ আমার সাথে আছে, তাদের ভালোবাসা ও দোয়া আমার সাথে আছে। আমি দল থেকে মনোনয়ন পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী।”

তিনি আরও বলেন, “আমি ক্ষমতার লোভে নয়, বরং জিন্দারপুর ইউনিয়নের সাধারণ মানুষের সেবক হয়ে কাজ করতে চাই। দল যদি আমাকে মূল্যায়ন করে মনোনয়ন দেয় এবং আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে সেবা করার সুযোগ দেন, তবে আমি কথা দিচ্ছি—এই ইউনিয়নের অবহেলিত রাস্তাঘাটের আমূল পরিবর্তন করে যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক করবো।

আমাদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শিক্ষার মানোন্নয়ন এবং প্রতিটি মানুষের দোরগোড়ায় সঠিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই হবে আমার প্রধান লক্ষ্য। পাশাপাশি, তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবো এবং আমাদের কন্যাশিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এই ইউনিয়নকে সম্পূর্ণ বাল্যবিবাহমুক্ত ঘোষণা করবো।

একটি আদর্শ, নিরাপদ ও সমৃদ্ধ জিন্দারপুর গড়তে আমি আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি।”
শোভাযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীরা আসন্ন নির্বাচনে সাজ্জাদুল বারী দুলালকে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি জোর দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *