ভোলাহাটে ৪ হাজার ১০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন

এম.এস.আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ২০২৬-২০২৭ অর্থবছরের রবি ও শীতকালীন মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ৪ হাজার ১০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় উপজেলা কৃষি দপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ ব্যবস্থাপনায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সানাউল মোর্শেদ।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ আবু সাঈদ, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মশিউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম কবিরাজ, প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ একরামুল হক এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আশাফুল ইসলাম।

উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা (উদ্ভিদ) মোঃ আক্তারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ভোলাহাটে ৪ হাজার ১০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন

কৃষি দপ্তর সূত্রে জানা যায়, ২০২৬-২০২৭ অর্থবছরের রবি মৌসুমে গম, সরিষা, চিনাবাদাম এবং শীতকালীন মৌসুমে পেঁয়াজ, মসুর, খেসারি ও অড়হর ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ প্রণোদনা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর আওতায় ভোলাহাট উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক ৪ হাজার ১০০ কৃষককে বিঘাপ্রতি বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রদান করা হবে।

প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা, মসুর ও খেসারি চাষের ক্ষেত্রে অনুমোদিত অগ্রাধিকার তালিকাভুক্ত একজন কৃষক একটি মাত্র ফসলের জন্য বীজ ও সার সহায়তা পাবেন। এর মধ্যে এক বিঘা জমিতে সরিষা চাষের জন্য ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হবে। অন্যদিকে মসুর চাষের জন্য ৫ কেজি মসুর বীজ এবং খেসারি চাষের জন্য ৮ কেজি খেসারি বীজের সঙ্গে ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষকের উৎপাদন খরচ কমানো এবং অধিক ফলন নিশ্চিত করতে সরকারের এ ধরনের প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নতমানের বীজ ও সার বিতরণের ফলে রবি ও শীতকালীন ফসলের আবাদ সম্প্রসারণের পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।


বক্তারা আরও বলেন, কৃষকের স্বার্থ রক্ষা, কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কৃষি বিভাগের এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন।

পাশাপাশি প্রণোদনার উপকরণ যেন প্রকৃত উপকারভোগী কৃষকদের হাতে পৌঁছায়, সে বিষয়েও সংশ্লিষ্টদের গুরুত্ব দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *