চচট্টগ্রামের লোহাগাড়া চেকপোস্টে পুলিশের অভিযানে দুইটি দেশীয় এলজি উদ্ধার, ৩ আসামি গ্রেফতার

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ


চট্টগ্রাম জেলা আওতাধীন লোহাগাড়া উপজেলায় কক্সবাজার হাইওয়ে রোডের চুনতি এলাকায় নিয়মিত চেকপোস্ট পরিচালনার সময় দুইটি দেশীয় তৈরি এলজি উদ্ধারসহ ৩ জনকে গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ।


চট্টগ্রামের লোহাগাড়া থানার এসআই (নিরস্ত্র) মাঈন উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে গত ১৪ জুলাই মঙ্গলবার চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করছিলেন।

এ সময় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি প্রাইভেটকারকে থামানোর সংকেত দিলে চালক পুলিশের নির্দেশ অমান্য করে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে পুলিশ ধাওয়া করে চুনতি সরকারি মহিলা কলেজ গেট সংলগ্ন এলাকায় গাড়িটির গতিরোধ করতে সক্ষম হয়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে গাড়িটি তল্লাশি করে পিছনের সিটের নিচে লুকিয়ে রাখা একটি শপিং ব্যাগ থেকে দুইটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়। এ সময় অস্ত্র ক্রয়ের কাজে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ঘটনায় হোসাইন আহমেদ (৪২), মোহাম্মদ আয়াতুল্লাহ (২৭) এবং মোঃ আসাদুজ্জামান-কে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজুর প্রক্রিয়া সম্পন্ন করে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশ অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *