জুলাই সনদ বাস্তবায়ন ও খুনিদের বিচারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত

রনি আকন্দ জয়পুরহাট বিশেষ প্রতিনিধি:

জয়পুরহাটের কালাইয়ে ১১ দলীয় জোটের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জুলাই-২০২৪ গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণতন্ত্র পুনরুদ্ধার, জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় কালাই বাসস্ট্যান্ড চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালাই উপজেলা শাখার উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন কালাই উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যক্ষ তাইফুল ইসলাম।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মামুনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন জেলা তারবিয়াত সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান। এ ছাড়া উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাও বক্তব্য দেন।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জুলাই সনদ দ্রুত কার্যকর করতে হবে। একই সঙ্গে জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, জনগণের প্রত্যাশা উপেক্ষা করে সংস্কার কার্যক্রম বিলম্বিত করা হলে এর রাজনৈতিক দায় সরকারকেই বহন করতে হবে। সমাবেশে বক্তারা বলেন, ‘জুলাই সনদ দ্রুত কার্যকর করুন, অন্যথায় আওয়ামী লীগের মতো পরিণতির জন্য অপেক্ষা করতে হবে।’

সমাবেশের আগে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি কালাই উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসট্যান্ড চত্বরে এসে শেষ হয়। এতে ১১ দলীয় জোটের অন্তর্ভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *