খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কালাইয়ে দোয়া ও আলোচনা সভা

রনি আকন্দ বিশেষ প্রতিনিধি জয়পুরহাট:

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটের কালাইয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার ( ১৫ আগষ্ট) সন্ধ্যায় কালাই পাঁচশিরা মজিদিয়া হাফিজিয়া ও এতিমখানায় কালাই উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী । কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মওদুদ আলম সরকার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালাই পৌর বিএনপির আহ্বায়ক মো. সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল আলীম সরকার, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো.আনিছুর রহমান তালুকদারসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল,ছাত্রদল,শ্রমিক দল,মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কালাইয়ে দোয়া ও আলোচনা সভা

আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকা এবং বিএনপির রাজনীতিতে তাঁর অবদানের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, দেশের রাজনৈতিক ইতিহাসে খালেদা জিয়া একটি গুরুত্বপূর্ণ নাম। তাঁর নেতৃত্বে বিএনপি বিভিন্ন সময় গণতন্ত্র, মানুষের অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একটি অবিস্মরণীয় নাম। দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

তিনি শুধু বিএনপির নেতাকর্মীদের নেত্রী ছিলেন না, দেশের সাধারণ মানুষের অধিকার আদায়ের সংগ্রামেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।তিনি বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ছিল দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত। নানা প্রতিকূলতা ও রাজনৈতিক সংকটের মধ্যেও তিনি গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছেন। তাঁর নেতৃত্ব, সাহস ও আপসহীন রাজনৈতিক ভূমিকা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কালাইয়ে দোয়া ও আলোচনা সভা

আব্দুল বারী এমপি আরও বলেন, খালেদা জিয়ার আদর্শ ও রাজনৈতিক চেতনা ধারণ করে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে জনগণের পাশে দাঁড়াতে হবে। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে মানুষের কল্যাণে কাজ করতে হবে। দলের ভেতরে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করতে হবে।

তিনি বলেন, বর্তমান সময়ে দেশের মানুষের প্রত্যাশা অনেক। জনগণের আস্থা অর্জন করতে হলে শুধু রাজনৈতিক বক্তব্য নয়, মানুষের সুখ-দুঃখে পাশে থেকে তাদের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে হবে। বিএনপির রাজনীতি হতে হবে সাধারণ মানুষের অধিকার, নিরাপত্তা ও কল্যাণকেন্দ্রিক।

আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতাকর্মী, দেশ ও জাতির কল্যাণ এবং শান্তি- সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানে কালাই উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *