ভোলাহাটে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে রাস্তার পাশ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে। সোমবার (২৪ আগষ্ট ২০২৬) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার সন্ন্যাসীতলার মুসলিমপুর এলাকায় পল্লীমঙ্গল পলিটেকনিক্যাল কলেজ সংলগ্ন পাকা রাস্তার পশ্চিম পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা।

ভোলাহাট থানা-পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পুলিশ বলছে, রোববার দিবাগত রাত প্রায় আড়াইটার দিকে কে-বা কারা দুষ্কৃতিকারী অজ্ঞাত যুবকটিকে হত্যা করেছে বলে তারা প্রাথমিক ধারণা করছেন।

ভোলাহাটে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

ঘটনার আগের দিন রোববার (২৩ আগষ্ট ২০২৬) গোহালবাড়ী ইউনিয়নের ‘বীরেশ্বরপুর ইসলামিক মিডিয়া’র যুবকদ্বয় টিম ওই ব্যক্তিকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় দেখতে পান। তাকে গোসল করিয়ে পোশাক পরিয়ে দেওয়ার সময় তিনি নিজের নাম বাবুল সরদার (আনু: ৩৫ বছর), বাবার নাম মোরশেদ আলী এবং ঠিকানা কাশীনাথপুর, মধুপুর, টাঙ্গাইল বলে জানান। পরে বাবুলকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হলে তিনি সেখান থেকে সুযোগ বুঝে পালিয়ে যান।

পরে ঘটনাস্থলে চাঁপাইনবাবগঞ্জের সিআইডির একটি দল এসে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে। পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় ওসি আব্দুল বারিকের নির্দেশে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোঃ শাখাওয়াত হোসেন জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *