কালাইয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত

মোঃ মেহেদুল ইসলাম, কালাই , জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট জেলা কালাইয়ে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের গুরুত্ব তুলে ধরে পরিবেশ সুরক্ষার লক্ষ্যে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২৫-০৭-২০২৬ ইং, রোজঃ শনিবার, সময়ঃ দুপুর ২.০০ ঘটিকার সময় শুভ উদ্বোধন করেন।

কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান ও মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় প্রতিমন্ত্রী মাননীয় জনাব ইকবাল হোসেন মাহমুদ ইকবাল।


উপজেলা প্রশাসন আয়োজিত উক্ত শুভ উদ্বোধন অনুষ্ঠানে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, সহকারী কমিশনার (ভূমি), অফিসার ইনচার্জ কালাই থানা এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং সাংবাদিক বৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি বৃক্ষরোপণ মেলার স্টলসমূহ পরিদর্শন করেন এবং মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন। পরবর্তীতে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সবুজ পৃথিবী গড়ে তুলতে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কেবল গাছ রোপণ করলেই হবে না, বরং প্রতিটি গাছের সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে। ফলজ ও ঔষধি গাছ আমাদের পুষ্টি ও স্বাস্থ্যের সুরক্ষা দেয় এবং বনজ গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তিনি স্থানীয় জনগণকে প্রতিটি ফাঁকা জায়গায় অন্তত একটি করে ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানোর জন্য উৎসাহিত করেন।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয় এবং মঙ্গলাকামী বার্তা ও ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *