ঠাকুরগাঁওয়ে ৭২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

​ঠাকুরগাঁও প্রতিনিধি:


​ঠাকুরগাঁওয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৭২ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।


​শুক্রবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও সদর থানার চিলারং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মধ্যপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। পল্লী বিদ্যুৎ থেকে রুহিয়াগামী পাকা সড়কের পূর্ব পাশে ব্লক বিছানো রাস্তায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ।


​গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রুহিয়া থানার ঘনিবিষ্টপুর গ্রামের মো. রহমানের ছেলে মো. এরশাদ (৩২), ঠাকুরগাঁও সদর থানার হরিহরপুর গ্রামের পশির উদ্দীনের ছেলে মো. জেমস (৩০) এবং রুহিয়া থানার ঘনিবিষ্টপুর গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে মো. আবুল কালাম আজাদ (৪২)।


​ডিবি পুলিশ জানায়, অভিযানের সময় আটক ব্যক্তিদের কাছ থেকে ৭২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


​জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) গোলাম রসুল জানান, “মাদকের মতো অনলাইন ক্যাসিনোও সমাজ ও তরুণ প্রজন্মের জন্য এক ভয়াবহ অভিশাপ। এই অপরাধচক্র কোনোভাবেই ছাড় পাবে না।

মাদক ও অনলাইন ক্যাসিনোসহ সব ধরনের অপকর্মের বিরুদ্ধে জেলা গোয়েন্দা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের আইনের আওতায় আনতে আমরা কঠোর অবস্থানে রয়েছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *