বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁয় জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে ডিবি পুলিশের পরিচালিত এক বিশেষ অভিযানে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-র একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ২৬ জুলাই রাতে বদলগাছী থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে ডিবি পুলিশের টিম জানতে পারে যে, উপজেলার হলুদবিহার গ্রামের সুমনের বসতবাড়িতে মাদক বিক্রির উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১০টায় হলুদবিহার গ্রামের ময়েন উদ্দিনের ছেলে ১. সুমন হোসেনের (৩৬) বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে সুমন হোসেনের দেহ তল্লাশি করে তাঁর পরিহিত প্যান্টের পকেট থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ সময় ঘটনাস্থল থেকেই সুমনের দুই সহযোগী—কোলার পালশা গ্রামের মৃত আহমেদ আলীর ছেলে ২. গোলাম মোস্তফা (২৮) এবং খামার আক্কেলপুর গ্রামের মৃত শাজাহানের ছেলে ৩. আবুল কাশেমকে (৪৬) গ্রেপ্তার করে অভিযানিক দল।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।