মাগুরার মহম্মদপুরে ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনওর অপসারণ দাবি

মোঃ রনি আহমেদ রাজু, মাগুরা প্রতিনিধি:

মাগুরার মহম্মদপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছেন বিএনপির একাংশের নেতাকর্মীরা। একই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রীর অপসারণ দাবি করেছেন তারা।

রোববার (৯ আগস্ট) দুপুরে মহম্মদপুর উপজেলা পরিষদ চত্বরে এ বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে বিভিন্ন স্লোগান দেয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে স্বচ্ছতা ও নিরপেক্ষতা অনুসরণ করা হয়নি। নিয়োগপ্রাপ্তদের মধ্যে জামায়াত-শিবির, আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের পাশাপাশি বিএনপির একটি অংশের লোকজনও রয়েছেন বলে দাবি করেন তারা। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত তথ্য উদঘাটনের দাবি জানান বিক্ষোভকারীরা।

এ সময় বক্তারা অভিযোগ করেন, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা প্রদান, কৃষি প্রণোদনা ও ভর্তুকি বিতরণ এবং ভিজিডি কার্ড প্রদানের ক্ষেত্রেও অনিয়ম ও বৈষম্য করা হচ্ছে। এসব অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

মাগুরার মহম্মদপুরে ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনওর অপসারণ দাবি

বিক্ষোভে জেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম খান বাচ্চু, গোলাম আযম সাবু, মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আক্তারুজ্জামান, উপজেলা যুবদলের সদস্য সচিব শরিফুজ্জামান শরীফ, যুবদল নেতা নানু খান, মস্তফা জামান সনেট, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুর আমিন সিকদার সজীব ও সদস্য সচিব রজব আলীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভকারীরা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ প্রক্রিয়া পুনর্বিবেচনা করে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত, অভিযোগের তদন্ত এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রীর অপসারণের দাবিও তোলেন তারা।

এদিকে, বিক্ষোভকারীদের উত্থাপিত অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী বলেন,
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ প্রক্রিয়া সকল নিয়ম মেনে বৈধ ভাবে করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *