মাগুরার লাঙ্গলবাঁধ বাজারে ভোক্তা অধিকার অভিযান, দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

মোঃ রনি আহমেদ রাজু, মাগুরা প্রতিনিধি:

মাগুরার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধ বাজারে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফার্মেসি, মুদিদোকানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়।

অভিযানকালে লাঙ্গলবাঁধ বাজারের মেসার্স আব্দুল্লাহ ফার্মেসিতে বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়। প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্স ও ড্রাগ লাইসেন্স দীর্ঘদিন আগে মেয়াদোত্তীর্ণ হলেও তা নবায়ন করা হয়নি। এছাড়া ফ্রিজ ও র‍্যাকে সংরক্ষিত অবস্থায় মেয়াদোত্তীর্ণ ইনসুলিনসহ বিভিন্ন ঔষধ পাওয়া যায়।

ফার্মেসিতে ফার্মাসিস্ট না থাকা এবং বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ঔষধ বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মোঃ মহিমকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ও ৫১ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে, মেসার্স পপুলার ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ইনসুলিন ও অন্যান্য ঔষধ ফ্রিজ ও র‍্যাকে সংরক্ষণ করে বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির ম্যানেজার সজীব মন্ডলকে একই আইনের ৫১ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে বাজারের অন্যান্য প্রতিষ্ঠানও তদারকি করা হয়। এ সময় ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে ব্যবসা পরিচালনার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের আইনবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

অভিযানে ভোক্তা অধিকারবিরোধী বিভিন্ন অপরাধে মোট দুটি প্রতিষ্ঠানকে সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। অভিযানে সার্বিক সহযোগিতা করেন কৃষি বিপণন অফিস, মাগুরার মোঃ আলমগীর হোসেন এবং মাগুরা জেলা পুলিশের একটি টিম।

ভোক্তাদের স্বার্থ সুরক্ষা ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *