শ্বশুরবাড়িতে বিষ প্রয়োগে যুবদল কর্মীর মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের চিতলমারী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের আদিখালী কাঠিপাড়া গ্রামে বিষ প্রয়োগে যুবদল কর্মী সোহাগ সরদারের (৩০) মৃত্যুর ঘটনায় এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গত ২৩ জুলাই (বুধবার) সোহাগ সরদার রহস্যজনকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, তাকে পরিকল্পিতভাবে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে।

নিহত সোহাগ সরদার আদিখালী গ্রামের মো. আবেদ আলীর একমাত্র ছেলে। পাঁচ বোনের মধ্যে তিনি ছিলেন একমাত্র ভাই। সোহাগের কোনো সন্তান নেই। পরিবার জানায়, বিয়ের পর থেকেই তার শ্বশুরবাড়ির সঙ্গে দাম্পত্য কলহ চলে আসছিল। শ্বশুরবাড়ির লোকজন তাকে দীর্ঘদিন ধরে মানসিকভাবে নির্যাতন করে আসছিল বলে অভিযোগ করেন স্বজনেরা। তার শ্বশুরবাড়ি বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের দে পাড়া গ্রামে।

ঘটনার পর স্থানীয় এলাকাবাসী ও রাজনৈতিক নেতৃবৃন্দ প্রতিবাদ জানিয়ে মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অপু তালুকদার, যুবদলের আহ্বায়ক জাকরিয়া মিলন, যুগ্ম আহ্বায়ক মিলনসহ স্থানীয় নেতারা। পাশাপাশি বিভিন্ন বয়সের শত শত মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, “সোহাগের মৃত্যু আত্মহত্যা নয়, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সঠিক ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *