বগুড়া প্রতিনিধি:
বগুড়া শহরের মালতিনগর এলাকায় মুক্তিপণের জন্য অপহৃত তিন শিক্ষার্থীকে সেনাবাহিনীর অভিযানে জীবিত ও সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। একই অভিযানে কিশোর গ্যাংয়ের চার সক্রিয় সদস্যকে আটক করা হয়।
আজ শুক্রবার (৪ জুলাই) বগুড়া সদর সেনা ক্যাম্পের অধিনায়ক ক্যাপ্টেন সাজ্জাদ রায়হান আকাশের নেতৃত্বে পরিচালিত এক তাৎক্ষণিক অভিযানে এই সফলতা আসে। সেনাবাহিনীর সূত্র জানায়, অপহরণকারীরা ভিকটিমদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ দাবি করেছিল।
অভিযানে আটক চার কিশোর গ্যাং সদস্য হলেন- ১. মো. আবির হোসেন বিদ্যুৎ (২৭), ২. ওয়াজ মন্ডল (৩৬), ৩. মো. মাসুম আলম নায়েম (২৭), ৪. মো. মেহেদী হাসান (২৩)।
অভিযানে উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে: ৭টি দেশীয় অস্ত্র ১৩টি সিমকার্ড ৩টি ফাঁকা স্ট্যাম্প পেপার ২৭ লাখ ৫০ হাজার টাকার একটি চেক একটি কম্পিউটার সেট বিভিন্ন ব্র্যান্ডের মদের বোতল গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জাম আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জব্দকৃত আলামতসহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনীর তাৎক্ষণিক ও সফল অভিযানে অপহরণের ঘটনা দ্রুত সমাধান হওয়ায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান।