তানোরে গোকুল গ্রামের জমির ধান খেত থেকে এক কৃষকের লাশ উদ্ধার

আকতারুজ্জামান, তানোর, রাজশাহী, প্রতিনিধি :

রাজশাহীর তানোরে ফসলি জমি থেকে রসুল মন্ডল (৬০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে তানোর পৌর এলাকার গোকুল গ্রামের একটি ধানখেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রসুল মন্ডল ওই গ্রামের মৃত লকি মন্ডলের ছেলে।


স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৯টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি রসুল মন্ডল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করলেও তার সন্ধান পাননি। পরে শনিবার সন্ধ্যার দিকে গোকুল গ্রামের এক ব্যক্তি জমিতে ঘাস কাটতে গিয়ে ধানখেতে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি জানাজানি হলে পরিবার ও পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে তানোর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শনিবার রাত সাড়ে ৮টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।


নিহতের ছেলে আতাউর মন্ডল জানান, তার বাবা বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। যে জমিতে মরদেহ পাওয়া গেছে, প্রায় দুই কাঠা ওই জমি চলতি বছর গ্রামের এবারত নামের এক ব্যক্তির কাছ থেকে নিয়ে তার বাবা ধান চাষ করেছিলেন। জমির পরিচর্যার জন্য মাঝে মাঝেই সেখানে যেতেন তিনি।


স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রসুল মন্ডলকে প্রায়ই ওই জমিতে দেখা যেত। তিনি দীর্ঘদিন অসুস্থ থাকায় স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।


তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে ধানখেত থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।


ওসি আরও জানান, পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী নিহত ব্যক্তি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। প্রাথমিকভাবে স্ট্রোকজনিত কারণে মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *