জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার প্রথম রাউন্ড সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতায় অংশ নেওয়া আটটি উচ্চ বিদ্যালয়ের মধ্যে জয়পুরহাট আরবি সরকারি উচ্চ বিদ্যালয়, জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, খঞ্জনপুর উচ্চ বিদ্যালয় এবং জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়ে পরবর্তী পর্বে উত্তীর্ণ হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) শহরের জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, নওগাঁ এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, জয়পুরহাটের যৌথ আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধি, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তাচর্চায় উদ্বুদ্ধ করতেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। জেলার মোট আটটি উচ্চ বিদ্যালয় এতে অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন মতিনুর রহমান, আব্দুর রাজ্জাক ও বিদ্যুৎ কুমার। মডারেটর ছিলেন অ্যাডভোকেট মো. আরাফাত হোসেন মুন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোজাফফর হোসেন। তিনি বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও দায়িত্ববোধের চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে দুর্নীতির বিরুদ্ধে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।