ফাঁসির আদেশ বহাল রাখায় খুশি আছিয়ার মা ও এলাকাবাসী

মোঃ রনি আহমেদ রাজু, মাগুরা প্রতিনিধি:

মাগুরার বহুল আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া ফাঁসির আদেশ বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছেন নিহতের মা ও স্থানীয়রা। তবে রায় বহাল থাকলেও, দণ্ড কার্যকর না হওয়া পর্যন্ত পূর্ণ সন্তুষ্ট নন আছিয়ার মা। দ্রুত আইনি প্রক্রিয়া শেষ করে রায় কার্যকরের দাবি জানিয়েছেন তারা।

হাইকোর্টের রায়ে ফাঁসির আদেশ বহাল।
বহুল আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় সোমবার হাইকোর্টের রায় ঘোষণার পর স্বস্তি ফিরেছে নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে।

রায় ঘোষণার পর আদালতের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেন আছিয়ার মা আয়েশা আক্তার। তবে তার অপেক্ষা এখন দণ্ড কার্যকরের।

আছিয়ার পরিবারের পাশাপাশি হাইকোর্টের রায়ে সন্তোষ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। তাদের দাবি, সব আইনি প্রক্রিয়া দ্রুত শেষ করে যেন দণ্ড কার্যকর করা হয়। তাদের মতে, দৃষ্টান্তমূলক শাস্তি দ্রুত কার্যকর হলে ভবিষ্যতে শিশুদের বিরুদ্ধে এমন অপরাধের ক্ষেত্রে অপরাধীদের মধ্যে ভয় তৈরি হবে।

পরিবারের স্বজনদেরও একই দাবি। তাদের আশঙ্কা, দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করতে দীর্ঘসূত্রতা হলে অপরাধীরা আরও উৎসাহিত হতে পারে।

তাই কোনো ধরনের ক্ষমা নয়, আইনি প্রক্রিয়া শেষে দ্রুত দণ্ড কার্যকরের দাবি জানিয়েছেন তারা।

শিশু আছিয়ার মৃত্যু শুধু তার পরিবারকেই নয়, নাড়া দিয়েছিল পুরো এলাকাকে। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর হাইকোর্টের রায়ে ফাঁসির আদেশ বহাল থাকায় স্বস্তি ফিরলেও, পরিবারের সেই স্বস্তি এখনো পূর্ণ নয়।
তাদের প্রত্যাশা, দ্রুত সব আইনি প্রক্রিয়া শেষ করে দণ্ড কার্যকর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *