হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে দেশীয় পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১০-১২ টাকা

হিলি (দিনাজপুর) প্রতিনিধি:


দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে সপ্তাহের ব্যবধানে দেশীয় পেঁয়াজের দাম কেজিপ্রতি ১০ থেকে ১২ টাকা বেড়েছে। বর্তমানে বাজারে দেশীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে, যা এক সপ্তাহ আগেও ছিল ৩০ থেকে ৩৫ টাকা।


হঠাৎ দামের এ ঊর্ধ্বগতিতে সাধারণ ক্রেতারা বিপাকে পড়েছেন। তারা বাজারে নিয়মিত তদারকি ও কার্যকর মনিটরিংয়ের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার দাবি জানিয়েছেন।


ব্যবসায়ীরা জানান, টানা বৃষ্টি ও বিভিন্ন এলাকায় বন্যার কারণে পেঁয়াজের আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে উৎপাদন কমে যাওয়ায় মোকামগুলোতে পেঁয়াজের সরবরাহ উল্লেখযোগ্য হারে কমেছে। এর প্রভাব পড়েছে পাইকারি বাজারে, যার কারণে দাম বেড়েছে।


হিলি পাইকারি বাজারের পেঁয়াজ ব্যবসায়ী আতোয়ার গনি ওসমান বলেন, “পেঁয়াজ উৎপাদনকারী অঞ্চলে বন্যা ও অতিবৃষ্টির কারণে ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে মোকামগুলোতে পেঁয়াজের আমদানি কমে গেছে। সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। তবে বাজারে আমদানি বাড়লে দাম আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আশা করছি।”


বাজারে পেঁয়াজ কিনতে আসা একাধিক ক্রেতা জানান, কয়েক দিনের ব্যবধানে কেজিতে ১০ থেকে ১২ টাকা দাম বেড়ে যাওয়ায় সংসারের ব্যয় বেড়েছে। তারা দ্রুত বাজার মনিটরিং জোরদার করে দাম নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান।


অন্যদিকে, পেঁয়াজ বিক্রেতারাও বলছেন, সরবরাহ সংকটই বর্তমান মূল্যবৃদ্ধির প্রধান কারণ। উৎপাদনকারী অঞ্চল থেকে স্বাভাবিক হারে পেঁয়াজ বাজারে আসতে শুরু করলে দাম কমে আসবে বলে তাদের প্রত্যাশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *